কালীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
- প্রকাশের সময় : ০৭:৪২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 15
ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে কয়েকটি প্রতিষ্ঠান ও দুই মাদকসেবীকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও নিবন্ধিত চিকিৎসক না থাকায় ফিরোজ ডেন্টাল নামে একটি ডেন্টাল ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সনদবিহীন ও ভুয়া কাগজপত্রের বিষয়ে সতর্ক করে আগামী ১০ দিনের মধ্যে বিডিএস ডিগ্রিধারী দন্ত চিকিৎসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে বলে জানানো হয়। এ ছাড়া আগামী ১০ দিন ক্লিনিকটির সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে কালীগঞ্জ বাসস্ট্যান্ডের মেসার্স আনিসুর রহমান স্টোরে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট, মাদকসংশ্লিষ্ট নিষিদ্ধ দ্রব্যাদি এবং মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা মালামাল জনসমক্ষে ধ্বংস করা হয়।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
এ ছাড়া কালীগঞ্জ মেইন বাজারের একটি প্রসাধনীর দোকানে বিদেশি পণ্যের মোড়কে আমদানিকারকের নাম, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা টাস্কফোর্স কমিটির এ যৌথ অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শান্তনু ঘোষ, কালীগঞ্জ থানা পুলিশের একটি দল, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, ঝিনাইদহের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম তালুকদার ও সহকারী রাজস্ব কর্মকর্তা মফিজুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঝিনাইদহের একটি দল সার্বিক সহযোগিতা করে।





















