রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি
- প্রকাশের সময় : ০১:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 6
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। তবে নির্বাচনের তারিখ ও তফসিল এখনও চূড়ান্ত হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন সচিবালয় থেকেই পুরো নির্বাচন কার্যক্রম পরিচালিত হবে। সংসদের অধিবেশন থাকুক বা না থাকুক, তাতে নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি হবে না।
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাই কমিশন দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে চায়।
সংসদীয় আসনসংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য কোনো আঞ্চলিক আসন বা বিষয় নিয়ে আলোচনা হয়নি। সব প্রস্তুতি সম্পন্ন করে যথাসময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।



















