মধুখালীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় নারী নেতৃত্ব জোরদারের আহ্বান
- প্রকাশের সময় : ০৪:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 35
ফরিদপুরের মধুখালীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদার বিষয়ক মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১১টায় পৌরসভার জুবায়ের ফুটওয়্যার লিমিটেড কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পরিবেশ ও জলবায়ু সম্পাদক লছমিনা বন্যা।
সভায় বক্তব্য দেন মহিলা পরিষদের সহসভাপতি ফিরোজা আমীন, সাধারণ সম্পাদক শামছুন্নাহার, সাংগঠনিক সম্পাদক শুক্লা ভৌমিক, লিগ্যাল এইড সম্পাদক মোর্শেদা আক্তার মিনা, আন্দোলন সম্পাদক মিলি ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক রেশমা আক্তারসহ অন্যরা।
বক্তারা বলেন, বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা, অতিরিক্ত তাপমাত্রা ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে নারীরা অনেক সময় ঝুঁকির মধ্যে পড়েন। একই সঙ্গে পরিবার ও সমাজে পানি, খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থানীয় পরিবেশ ও পরিবারের বাস্তব সমস্যা সম্পর্কে নারীদের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে বলেও জানান তারা।
মতবিনিময় সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সমাজসেবক ও জুবায়ের ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়া খান, প্রকৌশলী মো. নজরুল ইসলাম, প্রভাষক আসাদুজ্জামানসহ মহিলা পরিষদের নেতৃবৃন্দ। জুবায়ের ফুটওয়্যার লিমিটেডের চত্বরে একটি ফলজ বৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।




















