রাজবাড়ীতে উদীচীর বাউল উৎসব
- প্রকাশের সময় : ০৬:১৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 5
রাজবাড়ীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের উদ্যোগে বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের আজাদী ময়দানসংলগ্ন সংগঠনের মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।
জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য, শিশু সাহিত্যিক ও ছাত্র ইউনিয়নের দলীয় সংগীতের রচয়িতা সাবেক নাট্য সম্পাদক আখতার হোসেনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ স্বাগত বক্তব্য দেন। পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক আব্দুল হালিম বাবু ও দপ্তর সম্পাদক সুমা কর্মকার অনুষ্ঠান সঞ্চালনা করেন। সংগঠনের সহসভাপতি ফকীর শাহাদত হোসেনের সভাপতিত্বে বাউল গানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মানিক মজুমদার এবং রাজবাড়ী জেলা সদর হাসপাতালের সহকারী সার্জন পলাশ সিকদার।
অনুষ্ঠানে আবদুল জব্বার, ধীরেন্দ্রনাথ দাস, সুমা কর্মকার, চায়না বিশ্বাস, মলিনা পারভীন, ফিরোজা খাতুন, আওয়াল মোল্লা, কানিজ ফাতেমা বেবী, এনাম রসুল, সানজিদা খাতুন, জান্নাতুল ফেরদৌস যুথি, আল নাহিয়ান খান, শাম্মী আক্তার, শামসুল আলম ও নাসিরুল হক সাবুসহ অন্যান্য শিল্পী একক ও সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন। তবলায় সহযোগিতা করেন জেলা উদীচীর সহসাধারণ সম্পাদক আইনজীবী গৌতম বসু ও গোলাম গাউস।
বক্তারা বলেন, বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকায়ত সংগীতের একটি অনন্য ধারা। এটি বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধনগীতি। আবহমান বাংলার প্রকৃতি, মাটি ও মানুষের জীবনজিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে ওঠে বাউল গানে। এতে সাম্য ও মানবতার বাণীও প্রকাশ পায়। সারাদেশে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।




















