কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি?
- প্রকাশের সময় : ১২:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 9
বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর প্রচারের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও গণমাধ্যম সূত্রে সম্ভাব্য কয়েকটি নাম সামনে এলেও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
আলোচনায় সবচেয়ে বেশি রয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।
দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর হলে জাতীয় সংসদের আগামী অধিবেশনে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। এবার রাষ্ট্রপতি পদে অরাজনৈতিক কাউকে নয়, বরং বিএনপির অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতাদের মধ্য থেকেই কাউকে মনোনয়ন দেওয়ার বিষয়ে দলটির নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা চলছে।
আরো জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে দলীয় ও মন্ত্রিসভায়ও কিছু পরিবর্তন আসতে পারে। সে ক্ষেত্রে মহাসচিব পদে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব বণ্টনের সম্ভাবনার কথাও রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাষ্ট্রপতি পদ নিয়ে আলোচনার বিষয়ে তিনি অবগত নন। তবে রাষ্ট্রপতির পদ শূন্য হলে বিভিন্ন নাম আলোচনায় আসা স্বাভাবিক এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করতে পারেন। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও সাংবিধানিক জটিলতার কারণে তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে তাঁর পদত্যাগের আলোচনা নতুন করে রাজনৈতিক অঙ্গনে গুরুত্ব পেয়েছে।























