ওয়াশিংটনে সংলাপ শেষ : যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়াল ইসরায়েল-লেবানন
- প্রকাশের সময় : ১১:০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / 18
ওয়াশিংটনে দুই দিনের সংলাপ শেষে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৬ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা আরও ৪৫ দিন কার্যকর থাকবে।
গত ২ মার্চ লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবাননভিত্তিক শিয়াপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করাই ছিল এ অভিযানের মূল লক্ষ্য। টানা সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়।
যুদ্ধ শুরুর পর থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণ লেবাননে আইডিএফের অভিযানে নিহত হয়েছেন ২ হাজার ৮১৪ জন। আহত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ। এছাড়া নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন ১০ লাখের বেশি লেবানিজ নাগরিক।
যুদ্ধবিরতির মধ্যেও গত এক মাসে দক্ষিণ লেবাননে কয়েক দফা হামলা চালিয়েছে আইডিএফ। এতে কয়েকজন বাংলাদেশিও নিহত হয়েছেন, যারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
ওয়াশিংটনে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চলা এই সংলাপকে দুই দেশের মধ্যে কয়েক দশক পর উচ্চপর্যায়ের বৈঠক হিসেবে দেখা হচ্ছে। টমি পিগোট জানান, যুক্তরাষ্ট্রের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারাও আলোচনায় অংশ নিয়েছেন। আগামী ২৯ এপ্রিলের মধ্যে পেন্টাগনের কর্মকর্তারা দুই দেশের জন্য নতুন একটি ‘নিরাপত্তা লাইন’ প্রস্তাব করবেন। এরপর ২ থেকে ৩ জুন আবারও ওয়াশিংটনে বৈঠকে বসবেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা।
সূত্র: রয়টার্স



















