ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- প্রকাশের সময় : ১১:৩৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 19
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের টারনেট উপকূলের কাছে নর্দার্ন মলুক্কা সাগরে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিবিসি জানিয়েছে, এ ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ভবন থেকে লাফিয়ে পড়ে একজন আহত হয়েছেন। ভূমিকম্পে স্থানীয় অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কম্পন এক মিনিটেরও বেশি সময় ধরে অনুভূত হয় এবং আতঙ্কে মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় আশ্রয় নেয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার। প্রাথমিকভাবে এর মাত্রা ৭ দশমিক ৮ ধরা হলেও পরে সংশোধন করে ৭ দশমিক ৪ নির্ধারণ করা হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নর্থ মালুকু প্রদেশের টারনেট শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। স্থানীয় কর্তৃপক্ষ টারনেট ও তিদোরসহ বিভিন্ন এলাকায় মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে বলেছে।
মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, কেন্দ্র থেকে প্রায় ১,০০০ কিলোমিটারের মধ্যে ফিলিপাইন ও মালয়েশিয়াসহ বিভিন্ন উপকূলে সুনামির ঝুঁকি রয়েছে।
প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, কিছু উপকূলে ০ দশমিক ৩ থেকে ১ মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে। এছাড়া জাপানসহ কয়েকটি দেশে ছোট ঢেউয়ের আশঙ্কা রয়েছে, তবে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কম।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।




















