রাজবাড়ী কালেক্টরেট স্কুলে দিনব্যাপী বর্ণমেলা, উৎসবে মেতেছে খুদে শিক্ষার্থীরা

- প্রকাশের সময় : ১০:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 3

বাংলা ভাষা ও বর্ণমালার প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে রাজবাড়ী কালেক্টরেট স্কুলে দিনব্যাপী বর্ণমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় বর্ণমেলার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণ দিয়ে শব্দ তৈরি, এক কথায় প্রকাশ, বিরামচিহ্নের ব্যবহার, সুন্দর হাতের লেখা, পদ প্রকরণ, সমার্থক শব্দ, বর্ণ খোঁজা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইলোরা ইয়াসমীন এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী।
প্রধান শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, শিশুদের বাংলা ভাষা ও বর্ণমালার প্রতি আগ্রহী করে তোলা এবং ভাষাগত দক্ষতা বিকাশের লক্ষ্যেই এ আয়োজন। আনন্দ ও প্রতিযোগিতার মধ্য দিয়ে ভাষা শেখার সুযোগ তৈরি করাই বর্ণমেলার মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও মননশীলতা বিকাশের পাশাপাশি শুদ্ধ বানান, সুন্দর হাতের লেখা ও বাংলা ভাষার সঠিক ব্যবহারে উৎসাহিত করবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
























