দুই কৃষকের পেঁয়াজের বীজতলা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা
- প্রকাশের সময় : ০৮:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 101
রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়ীবাড়ী গ্রামে রাতের আঁধারে কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের পেঁয়াজের বীজতলা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা হলেন একই গ্রামের কৃষক নুর আলী মোল্লা ও মো. জালাল খান। তাদের দাবি এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার মাঝরাত থেকে রোববার ভোরের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, রোববার ভোরে কৃষকরা মাঠে গিয়ে দেখতে পান কীটনাশকের প্রভাবে তাদের বীজতলার সব চারা ঝলসে নষ্ট হয়ে গেছে।
কৃষক নুর আলী মোল্লা বলেন, রাতের আঁধারে কেউ ঘাসনাশক জাতীয় বিষ ব্যবহার করেছে। এতে সব চারা নষ্ট হয়ে গেছে। এগুলো রোপণ করলে ১০ থেকে ১২ লাখ টাকা আয় হতো।
কৃষক মো. জালাল খান বলেন, তিনি ধারদেনা করে চারা দিয়েছিলেন। দুর্বৃত্তপনায় তার সব শেষ হয়ে গেল। তিনি জানান, এই চারা পুনরায় উজ্জীবন করার সুযোগ নেই। এতে তারা দুটি পরিবারই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক এলাকায় কৃষকদের বীজতলা নষ্ট করার ঘটনা উদ্বেগজনক ভাবে বেড়েছে। তারা দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
সাওরাইল ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন জানান, খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন কীটনাশক প্রয়োগ করা হয়েছে। চারাগুলো বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে।
কালুখালী উপজেলা কৃষি অফিসার পূর্নিমা হালদার জানান, তিনি বিষয়টি শুনেছেন। মাঠ পর্যায়ের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের কীভাবে সহায়তা করা যায় সেটি ভেবে দেখা হচ্ছে।
কালুখালী থানার ওসি জাহেদুর রহমান জানান, এবিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

























