গোল করে বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক

- প্রকাশের সময় : ০৪:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 2

ফুটবল মাঠে গোল করার পর দুই হাতে চুমু ছুড়ে দেওয়ার দৃশ্য নতুন নয়। তবে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে এনদ্রিকের উদ্যাপনটা ছিল একটু আলাদা। গোল করে দুই হাতে ভালোবাসার চিহ্ন দেখিয়ে উড়ন্ত চুমু ছুড়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তখনই কারও কারও মনে প্রশ্ন জেগেছিল, গোলটা কি কাউকে উৎসর্গ করলেন রিয়াল মাদ্রিদ তারকা?উত্তরটা মিলেছে ম্যাচ শেষে। হ্যাঁ, গোলটা ছিল বিশেষ একজনের জন্য। শুধু একজন নয়, দুজনের জন্য। এনদ্রিকের জীবনে যে নতুন অতিথির আগমন ঘটেছে! প্রথমবারের মতো বাবা হয়েছেন ২০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। তাঁর স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোল আলো করে এসেছে ফুটফুটে এক ছেলেসন্তান। নাম কেনদ্রিক।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
দিনটা তাই এনদ্রিকের জন্য সত্যিই বিশেষ। গতকাল বাংলাদেশ সময় বিকেলে সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের ৭-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের ৩১ মিনিটে বাঁ প্রান্তে বক্সের বাইরে থেকে দুর্দান্ত কোনাকুনি শটে গোল করেন এনদ্রিক। এরপরই দুই হাতে ভালোবাসার চিহ্ন এঁকে উড়িয়ে দেন চুমু।ম্যাচ শেষে ‘স্পোরটিভি’কে প্রথমবার বাবা হওয়ার খবরটি জানিয়েছেন এনদ্রিক। বলেছেন, ‘আমার স্ত্রী সন্তানের জন্ম দিয়েছে। আমাদের ঘরে এক ফুটফুটে ছেলেসন্তান এসেছে, আমার স্ত্রীও খুব খুশি। গোলটি ওর জন্যই ছিল, আমার স্ত্রীর জন্যও।’
স্ত্রী মিরান্ডার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন ব্রাজিলের এই তরুণ ফরোয়ার্ড। বলেছেন, ‘আমি আমার দেশ ব্রাজিলের প্রতিনিধিত্ব করতে এখানে এসেছি, যা এই পৃথিবীর সবচেয়ে দারুণ বিষয়গুলোর একটি। আর জাতীয় দলের হয়ে খেলতে যাঁরা আমাকে সবার আগে বলেছিলেন, ও (মিরান্ডা) তাঁদের একজন। এখন ও সেখানে থেকেই আমাদের ছেলের দেখাশোনা করছে।’ছেলের নাম নিয়েও অবশ্য আগ্রহ আছে। কেনদ্রিক নামটি হঠাৎ করে রাখা হয়নি। গত জুলাইয়ে মিরান্ডার বেবি শাওয়ার অনুষ্ঠানে প্রথম সন্তানের নাম প্রকাশ করেছিলেন এনদ্রিক ও মিরান্ডা। দুজন মিলে আগেই ঠিক করে রেখেছিলেন নামটি।
ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ‘সেভেন আপ’ খাওয়ানো ব্রাজিলের অতৃপ্তি কোথায়
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, কেনদ্রিক নামটির সঙ্গে এনদ্রিকের নিজেরও যোগসূত্র আছে। বাবা হওয়ার আগেই এ নিয়ে কথা বলেছিলেন ২০ বছর বয়সী এই ফুটবলার। নামটি আসলে এনদ্রিকের জন্যই পছন্দ করেছিলেন তাঁর বাবা-মা। এনদ্রিকের ভাষায়, ‘এটা আমার নাম হওয়ার কথা ছিল।’নামটির মধ্যে বিশেষ তাৎপর্যও খুঁজে পান এনদ্রিক। এর সঙ্গে ধর্মীয় অর্থও জড়িয়ে আছে বলে মনে করেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নামটি প্রকাশের পর অন্য একটি আলোচনাও শুরু হয়েছিল। কেউ কেউ মার্কিন র্যাপার কেনদ্রিক লামারের সঙ্গে নামটির যোগসূত্র খুঁজেছিলেন। যদিও এনদ্রিক ও মিরান্ডা কখনোই এমন কোনো সম্পর্কের কথা নিশ্চিত করেননি।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আড়ালে থাকতে চান এনদ্রিক। তাই ছেলের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেননি। এ নিয়ে তাঁর ব্যাখ্যা, ‘আমার পরিবারকে মূল্যায়ন করতে হবে এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে হবে। আমি এমন এক মানুষ, যে শুধু নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে পছন্দ করি। দুর্ভাগ্যজনকভাবে সংবাদমাধ্যম বা ইন্টারনেট কেমন, তা আমরা জানি। আমি ব্যক্তিগত জীবনকে এক পাশে সরিয়ে রাখতে পছন্দ করি। ভবিষ্যতে সে (কেনদ্রিক) আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে চাইবে কি না, সেটি সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত।’
কারাগারে বাবা বন্দি, মাঠে আলো ছড়াচ্ছেন ছেলে: ব্রাজিল পেয়েছে নতুন এক রবিনিও























