বালিয়াকান্দিতে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

- প্রকাশের সময় : ০৭:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 2

‘এসো মিলি মুক্তির পতাকায়’—এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠী দিবসটি পালন করে।
কর্মসূচির প্রথম পর্বে সকাল ৮টায় উপজেলার কুঠির মাঠ মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন একাডেমির পরিচালক মনিন্দ্রনাথ মজুমদার। বালিয়াকান্দি উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মোঃ শাহাদত হোসেন এতে সভাপতিত্ব করেন।
বিকেলে দ্বিতীয় পর্বে একাডেমির শিক্ষক দেবাশীষ ভট্টাচার্য ও সুমাইয়া শুরমার সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম, বালিয়াকান্দি সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিরা বেগম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা এ.এস.এম দাউদ খান, সহসভাপতি সলেমান আলী মোল্লা (দলু), কায়সার আহম্মেদ (রাজ্জাক), সাংগঠনিক সম্পাদক বাপন দেসহ স্থানীয় সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বালিয়াকান্দি উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মোঃ শাহাদত হোসেন বলেন, “বর্তমান সমাজের তরুণদের একটি অংশ মাদকে আসক্ত হয়ে পড়ছে। এই তরুণ সমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখতে সুস্থ সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই।” পাশাপাশি দেশে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গঠনে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।























