ইটের আঘাতে সাবেক স্ত্রীকে হত্যা, আটক স্বামী

- প্রকাশের সময় : ০৩:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 5

ঝিনাইদহ শহরের কলাবাগান বাবর আলী মোড় এলাকায় সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামে এক নারীকে ইট দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোমা পার্শ্ববর্তী কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে। ঘটনার পরপরই অভিযুক্ত সাবেক স্বামী এনামুল হক মেরাজকে আটক করেছে পুলিশ।
নিহতের ভাই রাতুল হোসেন জানান, আট বছর আগে পারিবারিকভাবে এনামুল হক মেরাজের সঙ্গে তার বোন সোমার বিয়ে হয়েছিল এবং তাদের সংসারে ফারহান নামে ছয় বছরের একটি সন্তান রয়েছে। চার বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পরও প্রাক্তন স্বামী মেরাজ প্রায়ই তাদের এলাকায় আসা-যাওয়া করতেন। আজ সকালে সোমা তার সন্তানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির সামনেই মেরাজ তার মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলের পাশ থেকেই অভিযুক্ত এনামুল হক মেরাজকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।























