রাজবাড়ীতে কৃষক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদন্ড
- প্রকাশের সময় : ০৫:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / 88
জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষক আব্দুস ছাত্তার মৃধাকে গলা কেটে হত্যার দায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার সাহা এ রায় দেন। একই সাথে তাদের ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। নিহত আব্দুস ছাত্তার রাজবাড়ীর পাংশা উপজেলার জাগির মালঞ্চি গ্রামের বাসিন্দা ছিলেন। দন্ডপ্রাপ্তরা হলেন সাঈদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আছাদ শেখ, ফেলু মৃধা, তোফাজ্জেল ওরফে তোফা, মাহাতাব শেখ, ঠান্ডু ও মিরাজ মৃধা। মামলার অপর আসামি শেফালী খাতুন, ছনেতা খাতুন ও হালিমা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়। এদের সবার বাড়ি একই গ্রামে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ জুন সকালে পাংশা উপজেলার জাগির মালঞ্চি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আব্দুস ছাত্তার মৃধাকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রাশিদা পারভীন বাদী হয়ে ওই দিনই পাংশা থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেন। আদালতের বিচারক মামলার কাগজপত্র পর্যালোচনা, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুর রাজ্জাক জানান, সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ১০ জনের যাবজ্জীবন কারাদÐ, ২০ হাজার টাকা করে জরিমানা এবং তিনজনকে খালাস দিয়েছেন। এ রায়ে তারা সন্তুষ্ট।


























