নওগাঁয় ডিবির অভিযানে গাঁজার গাছ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২

- প্রকাশের সময় : ০২:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 9

নওগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে একটি গাঁজার গাছ ও ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, নওগাঁ সদর উপজেলার কাদিমপুর গ্রামের এনাজুল হক (৫৮), পিতা মৃত মুনছের আলী, নিজের সবজি খেতের মধ্যে একটি গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে উপস্থিত লোকজনের সামনে গাঁজার গাছটি জব্দ করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, নওগাঁ সদর থানার চকতারতা গ্রামের ফেরদৌস নামের এক ব্যক্তির মেহগনি বাগানের আশপাশে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় সন্দেহভাজন মো. লিটন বাবুকে (পিতা মৃত মোজাম্মেল, সাং দাসকান্দি, নওগাঁ) আটক করা হয়।
পরে তাঁর হাতে থাকা কালো শপিং ব্যাগ তল্লাশি করে ১০টি করে মোট ১৫ পাতায় ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত লোকজনের সামনে এসব ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।























