‘অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করা হলে সরকার কঠোর হাতে দমন করবে’

- প্রকাশের সময় : ০৮:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 9

দেশে যেকোনো ধরনের অস্থিরতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালানো হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোর হস্তে দমন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
এর আগে অধিবেশনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত অভিযোগ তুলে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পরিচালিত অধিবেশনে এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্য তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশে শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা এখানে বরদাশত করা হবে না। অস্থিতিশীলতা তৈরির যেকোনো পাঁয়তারা কঠোরভাবে মোকাবিলা করা হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক অবস্থা নিয়ে যদি আনুষ্ঠানিক বিবৃতি দিতে হয়, তবে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে আগামীকাল বিস্তারিত জানাব। আজ শুধু দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই—দেশের অভ্যন্তরে বা সীমান্তের ওপার থেকে আসা কোনো ষড়যন্ত্র কিংবা নীলনকশাই বাস্তবায়ন হতে দেওয়া হবে না।”
গণঅভ্যুত্থানের চেতনা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিবাদের পতন হয়েছে, তাদের কোনো সুযোগে ফিরিয়ে আনার অপচেষ্টা হলে জাতি তা প্রত্যক্ষ করবে এবং সরকার তা উন্মোচিত করবে। কারা কাদের সঙ্গে সমন্বিত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যথাসময়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ তা প্রকাশ্যে আনা হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সড়কে বিচ্ছিন্ন কয়েকটি নাশকতার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “রাতের অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে রাখা কোনো গাড়ির ওপর একটি ককটেল ফাটানো হলে কিংবা কোথাও চালক-হেলপারহীন পরিত্যক্ত এক-দুটি বাসে আগুন দিলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে যায় না। এসব বিচ্ছিন্ন ও প্রতীকী ঘটনাকে সামনে এনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ দাবি করা যৌক্তিক নয়।”
তিনি দৃঢ়তার সঙ্গে জানান, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। পতিত শক্তির দোসররা দেশের অভ্যন্তরে লুকিয়ে থেকে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন জুগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত ধৈর্য ও দক্ষতার সঙ্গে সেসব অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এর পেছনে কারা জড়িত এবং কারা সহায়তা দিচ্ছে, খুব শিগগিরই তা খোলাসা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।























