এমবাপ্পেকে ২৮ পয়েন্টে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছেন কেইন, অন্যরা কে কত

- প্রকাশের সময় : ০৫:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 11

দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের পঞ্চম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। গত ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকারের হাতে।
তবে পুরস্কার জয়ের লড়াইয়ে কেইনকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে। ভোটের হিসাবে দ্বিতীয় হওয়া কিলিয়ান এমবাপ্পেকে মাত্র ২৮ পয়েন্টে পেছনে ফেলেছেন তিনি। কেইন পেয়েছেন ১ হাজার ৫৫ পয়েন্ট, আর এমবাপ্পের সংগ্রহ ১ হাজার ২৭ পয়েন্ট। পুরস্কারটির ইতিহাসে এটি চতুর্থ নিকটতম ভোটের লড়াই।
শুক্রবার প্রকাশিত ভোটের বিস্তারিত হিসাব অনুযায়ী, ১০০ জন আন্তর্জাতিক সাংবাদিকের ভোটে প্রথম স্থানের ভোটও বেশি পেয়েছেন কেইন। তাঁর পক্ষে প্রথম স্থানের ভোট পড়েছে ৪০টি। অন্যদিকে এমবাপ্পে পেয়েছেন ২৩টি।
গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৩ গোল করেছিলেন কেইন। অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে ৪২ গোল করেন এমবাপ্পে। দুই তারকার লড়াই থেকে বেশ পিছিয়ে তৃতীয় হয়েছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। তাঁর পয়েন্ট ৮৮১।
চতুর্থ হয়েছেন রদ্রি, তাঁর সংগ্রহ ৭২৬ পয়েন্ট। পঞ্চম স্থানে থাকা লিওনেল মেসি পেয়েছেন ৬১২ পয়েন্ট। ষষ্ঠ হয়েছেন খিচা কাভারৎসখেলিয়া, তাঁর পয়েন্ট ৫৪১। সপ্তম উসমান দেম্বেলে পেয়েছেন ৪১৮ পয়েন্ট। অষ্টম আর্লিং হালান্ডের পয়েন্ট ৩৭৮। নবম মাইকেল ওলিসে পেয়েছেন ২৯৬ এবং দশম ফাবিয়ান রুইজের সংগ্রহ ২০১ পয়েন্ট।
ব্যালন ডি’অরের সেরা ১০
১. হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ) — ১,০৫৫ পয়েন্ট
২. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ) — ১,০২৭ পয়েন্ট
৩. লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা) — ৮৮১ পয়েন্ট
৪. রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি) — ৭২৬ পয়েন্ট
৫. লিওনেল মেসি (আর্জেন্টিনা, ইন্টার মায়ামি) — ৬১২ পয়েন্ট
৬. খিচা কাভারৎসখেলিয়া (জর্জিয়া, পিএসজি) — ৫৪১ পয়েন্ট
৭. উসমান দেম্বেলে (ফ্রান্স, পিএসজি) — ৪১৮ পয়েন্ট
৮. আর্লিং হালান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি) — ৩৭৮ পয়েন্ট
৯. মাইকেল ওলিসে (ফ্রান্স, বায়ার্ন মিউনিখ) — ২৯৬ পয়েন্ট
১০. ফাবিয়ান রুইজ (স্পেন, পিএসজি) — ২০১ পয়েন্ট





















