বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড়
- প্রকাশের সময় : ০৮:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 3
হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে রাজবাড়ীর বালিয়াকান্দীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠিখেলা। রবিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের শালমারা নিশ্চিন্তপুর গ্রামে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি লাঠিয়াল দল। খেলা দেখতে ভিড় করেন হাজারো দর্শক।
লাঠিয়ালদের ক্ষিপ্রতা, নানা কৌশল ও শারীরিক কসরতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গ্রামীণ সংস্কৃতির এ আয়োজন দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসা ঐতিহ্য তুলে ধরে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সাকেন সরদার। প্রধান অতিথি ছিলেন বালিয়াকান্দী উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ। এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি মো. জাফর আলী মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মহসিন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় নবাবপুর ইউনিয়নের বেরুলিয়া গ্রামের আইয়ুব আলী সরদারের লাঠিয়াল দল প্রথম এবং বিলপাকুরিয়া গ্রামের লুৎফর সরদারের দল দ্বিতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মহসিন খান বলেন, ‘গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন। এতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে।’



















