স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

- প্রকাশের সময় : ০৮:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 2

- স্মার্টফোনে ছবি বা ভিডিও ধারণের সময় সামনের ও পেছনের ক্যামেরার মধ্যে একটি বেছে নিতে হয়।
- প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডের জন্য তৈরি হোয়াটসঅ্যাপের ২.২৬.৪৬.৯ বেটা সংস্করণ ব্যবহার করা নির্বাচিত ব্যক্তিরা পরীক্ষামূলকভাবে সুবিধাটি পরখ করতে পারছেন।
মামুন হোসেন, টেক ডেস্ক — স্মার্টফোনে ছবি বা ভিডিও ধারণের সময় সামনের ও পেছনের ক্যামেরার মধ্যে একটি বেছে নিতে হয়। ফলে কোনো অনুষ্ঠানের দৃশ্য ধারণের সময় নিজের অভিব্যক্তি একই সঙ্গে তুলে ধরা সম্ভব হয় না। এই সীমাবদ্ধতা দূর করতে নতুন ক্যামেরা–সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ‘ডুয়াল ক্যামেরা মোড’ নামের এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ থেকেই ফোনের সামনের ও পেছনের ক্যামেরা কাজে লাগিয়ে একই সময়ে ছবি ও ভিডিও ধারণ করা যাবে।
নতুন উদ্ভাবন ও কারিগরি সুবিধা
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডের জন্য তৈরি হোয়াটসঅ্যাপের ২.২৬.৪৬.৯ বেটা সংস্করণ ব্যবহার করা নির্বাচিত ব্যক্তিরা পরীক্ষামূলকভাবে সুবিধাটি পরখ করতে পারছেন। নতুন সুবিধাটি কাজে লাগিয়ে ফোনের পেছনের ক্যামেরায় কোনো দৃশ্য ধারণের পাশাপাশি সামনের ক্যামেরায় নিজের চেহারা ও অভিব্যক্তি ধারণ করা যাবে। পরে দুই ক্যামেরায় ধারণ করা দৃশ্যগুলো একসঙ্গে দেখা যাবে।
নতুন এ সুবিধায় পেছনের ক্যামেরায় ধারণ করা দৃশ্য পর্দাজুড়ে দেখা যাবে। অন্যদিকে সামনের ক্যামেরার দৃশ্য পর্দার একটি ছোট অংশে ভেসে উঠবে। ছোট পর্দাটির অবস্থানও নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যাবে। ব্যবহারকারীরা সেটি টেনে পর্দার যেকোনো জায়গায় রাখতে পারবেন। ফলে ভিডিওর গুরুত্বপূর্ণ কোনো অংশ আড়াল না করেই নিজের অভিব্যক্তি তুলে ধরা সম্ভব হবে।
দুই ক্যামেরার দৃশ্যের অবস্থান অদলবদল করার সুযোগও থাকছে। এ জন্য পর্দায় থাকা রোটেট বোতামে ট্যাপ করতে হবে। তখন সামনের ক্যামেরার দৃশ্য পর্দাজুড়ে দেখা যাবে এবং পেছনের ক্যামেরার দৃশ্য ছোট পর্দায় চলে যাবে। তবে অবস্থান পরিবর্তন করলেও দুটি ক্যামেরাই একসঙ্গে ছবি বা ভিডিও ধারণ করতে থাকবে।ছবি বা ভিডিও ধারণের পর তা হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত ও গ্রুপ চ্যাট, চ্যানেল এবং স্ট্যাটাসে শেয়ার করা যাবে। শেয়ার করার আগে ক্যাপশন যুক্ত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ছবি বা ভিডিও সম্পাদনারও সুযোগ মিলবে।সূত্র: ইন্ডিয়া টুডে
























