ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, টি-টোয়েন্টি সিরিজে খেলা নিয়ে শঙ্কা

- প্রকাশের সময় : ০২:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 4

- দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে নেটে বোলিংয়ে ফিরেছিলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা।
- গতকাল বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয় নাহিদকে।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে নেটে বোলিংয়ে ফিরেছিলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। পূর্ণ গতিতে বোলিংও শুরু করেছিলেন তিনি। তবে নতুন করে দুঃসংবাদ পেলেন এই গতিতারকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ফলে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত
গতকাল বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয় নাহিদকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, ‘তার ডেঙ্গু জ্বর হয়েছে এবং হাসপাতালে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। কবে নাগাদ সে সুস্থ হয়ে উঠবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, তাকে মাত্র গতকালই হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
চোটের কারণে গত চার মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে রয়েছেন তরুণ ফাস্ট বোলার নাহিদ। একের পর এক চোটে তার মাঠে ফেরা বিলম্বিত হয়েছে।
প্রথমে পায়ের হাঁটুর নিচের সামনের হাড়ে অতিরিক্ত চাপের কারণে সূক্ষ্ম ফাটল (স্ট্রেস ফ্র্যাকচার) দেখা দেয়। সেই চোট কাটিয়ে ওঠার সময় জিম্বাবুয়ে সফরে পেটের পাশের পেশিতে টান লাগে (সাইড স্ট্রেইন) তার। ফলে অস্ট্রেলিয়া সফরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজে খেলতে পারেননি।
কৌশল ও দলগত বিশ্লেষণ
এরপর পিঠের নিচের অংশে অস্বস্তির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে এবং চলমান দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ও ওয়ানডে দলে জায়গা পাননি নাহিদ।
পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে চলতি মাসেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরেন নাহিদ। দেশে ফিরে পূর্ণ গতিতে বোলিং করার কথাও জানিয়েছিলেন তিনি। তবে ঝুঁকি এড়াতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে তাকে খেলাতে চায়নি বিসিবি।
ওয়ানডে সিরিজে না খেললেও ১০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা ছিল নাহিদের। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় সেই সম্ভাবনাও এখন অনেকটাই অনিশ্চিত। দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে নামার প্রস্তুতির মধ্যেই নতুন এই অসুস্থতা তার ফেরার অপেক্ষা আরও দীর্ঘ করতে পারে।






















