নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, তিন চোর গ্রেফতার

- প্রকাশের সময় : ০৩:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 11

নওগাঁর রাণীনগরে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে চুরি হওয়া মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলার কাশিমপুর (বরাইচপাড়া) গ্রামের মো. ফেরদৌস সরদার (৩০) প্রতিদিনের মতো তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি শয়নকক্ষে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ২৪ অক্টোবর সকাল ৬টার দিকে উঠে তিনি মোটরসাইকেলটি নির্ধারিত স্থানে দেখতে পাননি।
পরে স্বজন ও রাণীনগর থানা পুলিশের সহযোগিতায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করা হয়। তাঁদের সূত্র ধরে রাণীনগর থানার করজগ্রাম খাঁনপুকুর এলাকার রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। একই সঙ্গে তাঁদের কাছ থেকে চুরি হওয়া মাইকের বিভিন্ন অংশ জব্দ করা হয়।
এ ঘটনায় মোটরসাইকেল ও মাইকের উদ্ধার করা অংশ জব্দ করে রাণীনগর থানায় দণ্ডবিধির ৪৫৭, ৩৮০ ও ৪১১ ধারায় একটি চুরির মামলা করা হয়েছে।























