সীমান্তে ‘বিএসএফের ছেড়ে দেওয়া’ বাঘের আক্রমণে নারীসহ আহত ৩

- প্রকাশের সময় : ০৮:৫৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 3
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তবর্তী এলাকায় বাঘের আক্রমণে তিন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-শরিফা বেগম, আফসার উদ্দিন ও নজরুল ইসলাম। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ওপার থেকে একটি বাঘ বাংলাদেশে প্রবেশ করে। এ সময় মাঠে কাজ করছিলেন কয়েকজন কৃষক। পরে সন্ধ্যায় শরিফা বেগম ধানখেতে ছাগল খুঁজতে গেলে বাঘটির আক্রমণের শিকার হন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে আফসার উদ্দিন ও নজরুল ইসলামও বাঘের আক্রমণে আহত হন।
স্থানীয়রা অভিযোগ করেন, ভারতের অভ্যন্তরে সীমান্তসংলগ্ন জঙ্গল এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পরিকল্পিতভাবে বাঘটিকে বাংলাদেশে ছেড়ে দিয়েছে। তবে এ অভিযোগের পক্ষে কোনো স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।
খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের দাবি, বিজিবি সদস্যরা গুলি ছুড়লেও বাঘটিকে কাবু করা সম্ভব হয়নি। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. আল মামুন জানান, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তিনজনকেই সেখানে পাঠানো হয়েছে।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঘ আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকে সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন।
লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ আমঝোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তিনজনকে আহত করেছে। বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে জানানো হয়েছে।



















