পটুয়াখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- প্রকাশের সময় : ১১:১৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 16
পটুয়াখালীতে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন পায়রা পেট্রোল পাম্প মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার বদরপুর গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫), বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের ধীরেন মিস্ত্রীর মেয়ে তিথী (২৩), গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের রাজ্জাক প্যাদার ছেলে কাইয়ুম প্যাদা (৫০) এবং একই উপজেলার চার আনি বাউরিয়া গ্রামের অনিল হাওলাদারের মেয়ে শিল্পী রানী (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস বসাক বাজারসংলগ্ন পায়রা পেট্রোল পাম্প মোড় অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
সংঘর্ষের পর অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমে অটোরিকশা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বাসটি সরিয়ে নিচে চাপা পড়ে থাকা আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাসটিতে অন্তত ৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়।
পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক মো. বেল্লাল হোসেন বলেন, পুলিশের রেকার দিয়ে বাসটি সরিয়ে নেওয়ার পর বাসের নিচ থেকে সর্বশেষ মরদেহটি উদ্ধার করা হয়। দুর্ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




















