নওগাঁর পোরশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক
- প্রকাশের সময় : ০২:৪৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 3
নওগাঁর পোরশায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জহুরুল ইসলাম (৪৩) নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক সহযোগী পালিয়ে যায়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে পোরশা থানাধীন ১নং নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় এবং পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নিতপুর শীতলী ডাঙ্গাপাড়াগামী জনৈক মো. শহিদুল ইসলামের বাড়ির উত্তর-পশ্চিম পাশে ইটের রাস্তার কালভার্টের ওপর অবস্থান নেয়। পরে বিকেল সাড়ে চারটা থেকে শুরু হওয়া অভিযানে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে মাদক বিক্রয়কালে হাতেনাতে মো. জহুরুল ইসলামকে আটক করা হয়।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তল্লাশি চালিয়ে ধৃত আসামির বুক পকেটে থাকা গুলের কৌটা থেকে ৩০ পিস এবং পালিয়ে যাওয়া সহযোগীর ফেলে যাওয়া পলিথিন মোড়ানো আরও ৩৫ পিসসহ মোট ৬৫ পিস (ওজন ১৭.৫৫ গ্রাম) ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ৫০০ টাকা।
পুলিশ জানায়, আটক জহুরুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




















