নওগাঁয় পুলিশ ও ডিবির যৌথ অভিযানে ১১৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৯
- প্রকাশের সময় : ০১:৫৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 26
নওগাঁর নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক যৌথ মাদকবিরোধী অভিযানে ১১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশ ও তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসিবুল্লাহ হাবিবের নেতৃত্বে একটি চৌকস দল গতরাত (১৮ সেপ্টেম্বর) ৯টা থেকে ১১টা পর্যন্ত এই যৌথ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুইপার কলোনির ২ নং গেটের সামনে অভিযান চালিয়ে তিন শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। নারী পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে শ্রী মুনি (৪৫) নামের এক নারী মাদক কারবারির হেফাজত থেকে ১১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী মানিক (৩৮) ও শাওন (৪২) নামের আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
একই অভিযানে সুইপার কলোনির ভেতর মাদক সেবন ও জনবিরক্তি (পাবলিক নুইসেন্স) সৃষ্টির অভিযোগে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) এবং মুন্সিগঞ্জ ও ঢাকার বাসিন্দা রাজু মিয়া (৩২)।
এই ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নুনিয়াপট্টি এবং সুইপার কলোনিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। সেখানে প্রতি সপ্তাহে, প্রয়োজনে প্রতিদিন অভিযান চালানো হবে।” তিনি মাদক প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।




















