খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা
- প্রকাশের সময় : ০১:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 18
খুলনা মহানগরীতে চুরির অপবাদ দিয়ে আজমল ওরফে আযম (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হরিণটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।
নিহত আজমল চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের বিপরীত গলিতে আকিবের বাড়ির পঞ্চম তলার একটি মেসে ভাড়াটিয়া হিসেবে থাকতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন যুবক আজমলকে চুরির অপবাদ দিয়ে মারধর করেন। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, গভীর রাতে কয়েকজন যুবক চুরির অপবাদ দিয়ে আজমলকে মারধর করেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে ঘটনাটি নিয়ে এলাকায় নানা গুঞ্জন রয়েছে। স্থানীয়রাও ঘটনার বিষয়ে পরিষ্কারভাবে কিছু বলতে পারছেন না। নিহত আজমল নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলেও জানা গেছে।
ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















