দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন
- প্রকাশের সময় : ১২:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 9
পরিবারের সদস্য বা নিকট আত্মীয়ের পাশাপাশি এখন অন্য ব্যক্তির দান করা কিডনিও প্রতিস্থাপনের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে। দেশে প্রথমবারের মতো স্বেচ্ছায় কিডনি দানকারী ‘ইমোশনাল ডোনার’-এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।
শনিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সুযোগ তৈরি হয়েছে।
উপাচার্য জানান, আইনগত বাধ্যবাধকতা না থাকায় নিকট আত্মীয়ের পাশাপাশি স্বেচ্ছায় অন্য ব্যক্তিও কিডনি দান করতে পারবেন। তবে এ ক্ষেত্রে দাতার পরিচয়, সম্পর্ক ও আইনগত বিষয়সহ বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হবে।
তিনি বলেন, ইমোশনাল ডোনার যাচাই-বাছাইয়ের জন্য কয়েকটি সংস্থা কাজ করছে। তারা দাতার আইনগত বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করবে। পাশাপাশি হাসপাতালের একটি বিশেষ দল দাতার চিকিৎসাগত ও অন্যান্য জটিল বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে তিনি প্রকৃত অর্থেই স্বেচ্ছায় কিডনি দান করছেন কি না।
অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই কিডনি দানের ক্ষেত্রে অর্থের লেনদেন করা যাবে না।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতার কারণে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম বন্ধ ছিল। এখন থেকে নিয়মিতভাবে কিডনি রোগীদের প্রতিস্থাপনসেবা দেওয়া হবে। এ পর্যন্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছয়টি কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।






















