ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ নারী-পুরুষ
- প্রকাশের সময় : ১১:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 9
ভারতে দালালের খপ্পরে পড়ে এক থেকে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নারী-পুরুষ। তাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও চারজন নারী।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন।
ফেরত আসা বাংলাদেশিরা এক থেকে দুই বছর আগে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে ভারতে যান। পরে ভারতের তামিলনাড়ুসহ বিভিন্ন এলাকায় পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যান তারা। বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে একটি বেসরকারি সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে তামিলনাড়ুর সালেমের আত্তূর ও ত্রিচি ক্যাম্প নামে শেল্টার হোমে আশ্রয় দেয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় ৪৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
তিনি আরও জানান, পরে থানা থেকে যশোর মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামে তিনটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে এসব সংস্থা তাদের শেল্টার হোমে রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের কাছে হস্তান্তর করবে।
ফেরত আসাদের গ্রহণকারী যশোর মহিলা আইনজীবী সমিতির এরিয়া কো-অর্ডিনেটর রেখা বিশ্বাস জানান, থানার আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসাদের যশোরের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।






















