গুরুত্বপূর্ণ সংবাদ:
রংপুর থেকে নওগাঁর বদলগাছীর সেই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২
খোরশেদ আলম, নওগাঁ
- প্রকাশের সময় : ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 32
নওগাঁর বদলগাছী উপজেলা থেকে চুরি হওয়া একটি দামি ইয়ামাহা R15 মোটরসাইকেল তথ্যপ্রযুক্তির সহায়তায় রংপুর জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বদলগাছী থানা পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য আসে। গ্রেপ্তারকৃতরা হলেন— রংপুরের মিঠাপুকুর থানার শীতলড়াড়ী নয়াপাড়ার উত্তম কুমারের ছেলে শ্রী শ্যাম কুমার (২২) এবং পীরগঞ্জ থানার লালদীঘি আরিজপুরের তোজাম্মেল মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম (৪১)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে বেলা ৩টার দিকে ফুয়াদ নামের এক ব্যক্তি বদলগাছী উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের জনৈক হামিদুল ইসলামের বাড়িতে বিয়ের দাওয়াতে যান। বাড়ির বাইরে তার ইয়ামাহা R15 মোটরসাইকেলটি রেখে তিনি ভেতরে প্রবেশ করেন। দাওয়াতে খাওয়া শেষে বাইরে এসে দেখেন তার শখের বাইকটি চুরি হয়ে গেছে।
ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি তাৎক্ষণিকভাবে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে জানান। খবর পাওয়া মাত্রই পুলিশ সুপার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে বদলগাছী থানা এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও বাইক উদ্ধারের নির্দেশ দেন।
পুলিশ সুপারের দিকনির্দেশনায় নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস টিম আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হয় যে, চোর চক্রটি বাইক নিয়ে রংপুরের দিকে পালিয়ে গেছে। এরপর গত ৪ সেপ্টেম্বর রাতে রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ এলাকায় দীর্ঘ অভিযান পরিচালনা করে যৌথ টিম।
অভিযানকালে প্রথমে সন্দেহভাজনদের শনাক্ত করে পুলিশ। পরবর্তীতে গ্রেপ্তারকৃত শহিদুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি শ্যাম কুমারের হেফাজত থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের ইতোমধ্যে নওগাঁয় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
Tag :
























