নওগাঁয় হানিট্র্যাপ চক্রের মূলহোতাসহ ৪ জন গ্রেফতার
- প্রকাশের সময় : ০১:৩৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 4
নওগাঁয় মোবাইল ফোনে ফাঁদ পেতে (হানিট্র্যাপ) ব্লাকমেইল ও অর্থ আদায়কারী একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া স্ট্যাম্প ও দুই লাখ টাকার চেক উদ্ধার করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার এক স্কুল শিক্ষকের সাথে পূর্বপরিচিত ছিলেন নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি গ্রামের মোসা. চামেলী আক্তার মিলি। গত ২৫ আগস্ট ২০২৬ তারিখ বিকেলে মিলি জরুরি কথা আছে জানিয়ে ওই শিক্ষককে নওগাঁ শহরের তার বাসায় ডেকে পাঠান। সরল বিশ্বাসে শিক্ষক সেখানে পৌঁছালে মিলি ও তার সহযোগীরা মিলে তাকে অবরুদ্ধ করে ফেলেন।
পরে তাকে মারধরের ভয় দেখিয়ে ৫ হাজার নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং ৩০০ টাকার সাদা স্ট্যাম্প ও দুই লাখ টাকার চেকে জোরপূর্বক স্বাক্ষর রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী শিক্ষক এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে এবং বিরামহীন অভিযান চালিয়ে চক্রটিকে আইনের আওতায় আনে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন নওগাঁ সদর উপজেলার মোসা. চামেলী আক্তার মিলি (৪৫), আত্রাই উপজেলার মো. রাকিব হাসান (২৯), বদলগাছী উপজেলার মো. সোহরাব হোসেন (২৬) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মো. নাঈম হোসেন (২৫)। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই আন্তঃউপজেলা প্রতারক চক্রটি বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিয়ে এবং ফাঁদে ফেলে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত অর্থ হাতিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
























