বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- প্রকাশের সময় : ১২:২২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 7
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল ৯টায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উদ্বোধন অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের দিন জাদুঘরটি যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত রাখা হবে। পরদিন ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং দীর্ঘদিনের শাসনামলের বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর। এতে ২০২৪ সালের আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, দুর্লভ দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ডসহ গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট বিভিন্ন স্মারক স্থান পেয়েছে।
এ ছাড়া গত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন ঘটনাপ্রবাহের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-উপাত্তও জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে।




















