পোরশায় পুলিশের মাদকবিরোধী অভিযান : ট্যাপেন্টাডল ও গাঁজাসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশের সময় : ১১:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 131
নওগাঁর পোরশা থানায় পুলিশের চিরুনি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩ জুন) পৃথক দুটি গোপন অভিযানে পোরশা থানা পুলিশের একটি চৌকস দল তাদের আটক করে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিক-নির্দেশনায় এবং পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুবকর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম আজ দুটি সফল অভিযান পরিচালনা করে।
দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানাধীন বিষ্ণুপুর গ্রামের সালাম চৌধুরীর আম বাগানে অভিযান চালায় পুলিশ। সেখানে মাদক বিক্রির সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—শ্রীকৃষ্ণপুর গ্রামের মোঃ সেতাবুরের ছেলে মোঃ আল আমিন (১৯) এবং বিষ্ণুপুর গ্রামের সানাউল্লাহর ছেলে মোঃ মেহেদী হাসান (২০)। পরে তাদের দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গি ও প্যান্টের পকেট থেকে ২৫ পিস ক্ষতিকর ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে নিতপুর কপালীর মোড় এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। সেখানে মাদক বিক্রির সময় মোঃ তসলিম (৩৭) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। সে স্থানীয় কপালীর মোড় এলাকার মনোয়ার হোসেন মনু ওরফে বশিরের ছেলে। তসলিমের প্যান্টের পকেট তল্লাশি করে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১,৫০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ধৃত তসলিমের বিরুদ্ধে এর আগেও ৫টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুবকর সিদ্দিক জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পোরশা উপজেলাকে মাদকমুক্ত করতে এই ধরণের মাদকবিরোধী অভিযান জেলা পুলিশের নির্দেশনায় নিয়মিত চলমান থাকবে।

























