পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী
- প্রকাশের সময় : ০৮:৪৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 2
কনুই থেকে কবজি এবং পায়ের আঙুলে ভর দিয়ে শরীর সোজা রেখে টানা পাঁচ ঘণ্টা কাটিয়েছেন ৬১ বছর বয়সী ডোনাজিন ওয়াইল্ড। যুক্তরাষ্ট্রে আয়োজিত হান্টসম্যান ওয়ার্ল্ড সিনিয়র গেমসে এই কৃতিত্ব দেখান তিনি। আয়োজকদের তথ্য অনুযায়ী, নারীদের সবচেয়ে দীর্ঘ সময় অ্যাবডোমিনাল প্ল্যাঙ্ক করার নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ওয়াইল্ড।
প্ল্যাঙ্ক হলো শরীরের নিজের ওজন ব্যবহার করে করা একটি ব্যায়াম। এতে বুকডনের মতো ভঙ্গিতে শরীর মাটি থেকে তুলে রাখতে হয়। কনুই থাকে কাঁধের ঠিক নিচে। মাথা থেকে গোড়ালি পর্যন্ত শরীর সোজা রাখতে হয়। এই ব্যায়াম শরীরের মধ্যভাগের গভীর পেশিগুলো শক্তিশালী করতে সাহায্য করে।
এভাবে স্থির থেকে স্বাভাবিক ছন্দে শ্বাস নিতে শারীরিক সহনশীলতা ও মানসিক দৃঢ়তা প্রয়োজন। বেশির ভাগ মানুষের জন্য কয়েক মিনিট এই ভঙ্গি ধরে রাখাই চ্যালেঞ্জ। সেখানে ওয়াইল্ডের পাঁচ ঘণ্টার অর্জন ব্যায়ামপ্রেমীদের বিস্মিত করেছে।
আয়োজকেরা তার রেকর্ড গড়ার মুহূর্তের ভিডিও অনলাইনে প্রকাশ করেছেন। সেটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, সময় গণনার ঘড়ি পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও মনোযোগ ধরে রেখে একই ভঙ্গিতে রয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার অর্জন নিয়ে হাজারো মন্তব্য এসেছে। অনেকে প্রশংসা করেছেন। কেউ আবার নিজের ব্যায়ামের অভিজ্ঞতা নিয়ে রসিকতা করেছেন।
একজন লিখেছেন, ‘গতকাল একবার ৪০ সেকেন্ড করেছি। নিজের রেকর্ড নিজেই গড়েছি।’
আরেকজন জানান, সম্প্রতি প্রথমবার তিন মিনিট প্ল্যাঙ্ক করতে পেরে তিনি উদ্যাপন করেছেন। অন্য একজনের মন্তব্য, ‘আমি কোনোমতে পাঁচ মিনিট শেষ করি। এটা অসাধারণ।’





















