টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা
- প্রকাশের সময় : ০৯:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 5
ভিডিও দেখার পাশাপাশি সরাসরি পণ্য কেনার সুবিধা আরও সহজ করতে নতুন দুটি সুবিধা চালু করেছে টিকটক। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘শপিং অ্যাসিস্ট্যান্ট’ এবং অ্যাপের ভেতরেই এক ক্লিকে পণ্য কেনার সুবিধা।
সোমবার নতুন সুবিধা দুটির ঘোষণা দিয়েছে টিকটক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন ‘শপিং অ্যাসিস্ট্যান্ট’ একটি কথোপকথনভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী। এটি ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী পণ্য খুঁজে দিতে এবং কেনাকাটার সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
কোনো পণ্য সম্পর্কে জানতে চাইলে সহকারীটি পণ্যের বিস্তারিত তথ্য, সরবরাহ, মাপ ও পণ্যটি পাওয়া যাচ্ছে কি না—এসব জানাবে। প্রয়োজন হলে কেনাকাটা সম্পন্ন করতেও সহায়তা করবে। ব্যবহারকারীর কথোপকথন থেকে তাঁর প্রয়োজন ও পছন্দ বুঝে সে অনুযায়ী পরামর্শও দিতে পারবে বলে জানিয়েছে টিকটক।
অন্যদিকে নতুন ‘এক ক্লিকে কেনাকাটা’ সুবিধার মাধ্যমে টিকটকের ‘ফর ইউ’ পাতায় ভিডিও দেখার সময়ই কোনো ব্র্যান্ডের পণ্য কেনা যাবে। এ জন্য ব্যবহারকারীকে টিকটক থেকে অন্য কোনো ওয়েবসাইটে যেতে হবে না।
ফলে ভিডিও দেখার সময় কোনো পণ্য পছন্দ হলে সেখান থেকেই পণ্যটির তথ্য জানা এবং কেনাকাটা করা যাবে। টিকটক জানিয়েছে, নতুন সুবিধাগুলো চালু করতে সেলসফোর্স, শপিফাই ও স্ট্রাইপসহ বিভিন্ন বাণিজ্য ও অর্থ পরিশোধ সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে তারা।
এত দিন টিকটকের বাণিজ্যিক কার্যক্রমের প্রধান কেন্দ্র ছিল ‘টিকটক শপ’। নতুন সুবিধার মাধ্যমে অ্যাপের অন্যান্য অংশেও সরাসরি কেনাকাটার সুযোগ তৈরি করছে প্রতিষ্ঠানটি।
টিকটকের গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির কার্যক্রম ৮ হাজার ১০০ কোটি ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করেছে। একই প্রতিবেদনে ৫ কোটি ৪০ লাখ মার্কিন নাগরিক জানিয়েছেন, টিকটকের ভিডিও দেখে তাঁরা কোনো পণ্য কিনেছেন।
যুক্তরাষ্ট্রে টিকটক শপ চালু হয় ২০২৩ সালের সেপ্টেম্বরে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটারের হিসাবে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে টিকটক শপের মাধ্যমে প্রায় ১ হাজার ৫৮০ কোটি ডলারের পণ্য বিক্রি হয়েছে। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক মোট বাণিজ্যের প্রায় ১৮ শতাংশ ছিল এই বিক্রি।






















