রাজবাড়ীতে ইয়াবাসহ জুতার দোকানের কর্মচারী আটক
- প্রকাশের সময় : ০৬:০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 3
রাজবাড়ী শহরে জুতার দোকানের কর্মচারীর ছদ্মবেশে ইয়াবা ব্যবসার অভিযোগে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেল সোয়া ৩টার দিকে রাজবাড়ী শহরের বড় বাজার এলাকার ৫ তলার মোড়ে অবস্থিত করিম সু-হাউজে অভিযান চালিয়ে দুলাল সিকদার ওরফে সাদ্দাম (৩৬) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক দুলাল সিকদার সদর উপজেলার লক্ষীকোল ধুঞ্চি এলাকার আফাজউদ্দিন সিকদারের ছেলে। তিনি করিম সু-হাউজের একজন কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে করিম সু-হাউজের দ্বিতীয় তলায় তল্লাশি চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুলাল সিকদারকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. মফিজুল ইসলাম বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জুতার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”





















