মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার; আটক ১
- প্রকাশের সময় : ০২:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 16
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (৩ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো মহেশপুর ৫৮ বিজিবির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৬০/৪১-আর এলাকা থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা বেনোপাড়া মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শামসুল মণ্ডলের ছেলে রফিকুল ইসলামকে তার ঘাসক্ষেত থেকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ) ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
অপরদিকে, মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ মেদেনীপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬০ এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের একটি বাঁশঝাড়ে অভিযান চালায়। এ সময় মাটির নিচে স্কচটেপে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর ও জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
























