নওগাঁতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন
- প্রকাশের সময় : ১২:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 11
সারা দেশের ন্যায় নওগাঁ জেলায় সিভিল সার্জনের উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নওগাঁ সিভিল সার্জন কার্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন নওগাঁ-০৫ আসনের স্থানীয় সংসদ সদস্য মোঃ যাহিদুল ইসলাম ধলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আলাল হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনির আকন্দ, সদর হাসপাতালের আরএমও ডাঃ মোঃ আবু জার গফফার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, টিকা গ্রহণকারীগণ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে জানানো হয়, এই ক্যাম্পেইনের আওতায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হবে। পূর্বে এমআর টিকা গ্রহণ করলেও বা হাম কিংবা রুবেলা টিকা দেওয়া হয়ে থাকলেও নির্ধারিত বয়সের সকল শিশুকেই এই টিকার আওতায় আনা হবে।
টিকাদান কার্যক্রম পরিচালিত হবে হাসপাতাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং সকল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম হাম-রুবেলা নির্মূলে টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।






















