কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন : টাঙ্গাইল ও শিবগঞ্জে ১৬ বিজিবির নিরাপত্তা ব্যবস্থা প্রশংসিত
- প্রকাশের সময় : ০১:৪০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / 26
দেশের কৃষিখাতে আধুনিকায়নের লক্ষে গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ টাঙ্গাইল ও বগুড়ায় একযোগে ‘কৃষক কার্ড’ কর্মসূচির প্রি-পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সদস্যদের পেশাদারিত্ব এবং নিষ্ঠা সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সকাল ১১টায় টাঙ্গাইল সদরস্থ শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে অনলাইনে সংযুক্ত হয়ে এই প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বগুড়ার শিবগঞ্জে এই অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি-এর প্রত্যক্ষ নির্দেশনায় এবং সহকারী পরিচালক মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
বিজিবির কঠোর ও সুশৃঙ্খল নিরাপত্তা বেষ্টনীর কারণে সাধারণ মানুষ কোনো ধরণের ভোগান্তি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের কাঙ্ক্ষিত ‘কৃষক কার্ড’ গ্রহণ করেন। হয়রানিমুক্ত পরিবেশে সরকারি এই সুবিধা হাতে পেয়ে উপস্থিত কৃষক ও সাধারণ জনতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে বিজিবি সদস্যদের বন্ধুসুলভ ও দায়িত্বশীল আচরণের জন্য ১৬ বিজিবির অধিনায়কসহ সংশ্লিষ্ট সকল সদস্যকে ধন্যবাদ ও সাধুবাদ জানান স্থানীয় বাসিন্দারা।

























