নওগাঁয় অবৈধ ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা
- প্রকাশের সময় : ০২:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 7
নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার দায়ে মেসার্স রাজ ব্রিকসের কর্তৃপক্ষের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় এবং জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলার মান্দা উপজেলার জলছত্র মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স রাজ ব্রিকস নামের ইটভাটাটির প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখা হয়েছে। এ অপরাধে ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে দেড় লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া না যাওয়া পর্যন্ত ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার শর্তে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নওগাঁর ব্যাটালিয়ন আনসারের একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।






















