মেরিলের সেই বিজ্ঞাপন নামিয়ে দিল পৌর প্রশাসন
- প্রকাশের সময় : ০৮:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 24
লক্ষ্মীপুর উত্তর তেমুহনীতে সমালোচনার মুখে রাস্তার পাশে বিলবোর্ড থেকে আপত্তিকর বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে পরিচর্যার ব্র্যান্ড মেরিল। পৌর প্রশাসকের হস্তক্ষেপে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিজ্ঞাপনটি নামিয়ে নেন ইজারা কোম্পানি।
জানা গেছে, বিলবোর্ডে বিজ্ঞাপনটি টানানোর পর স্থানীদের মধ্যে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে ব্যাপক লেখালেখিও হয়। পরে একদল শিক্ষার্থী লিখিত অভিযাগ দায়ের করলে পৌর প্রশাসকের পক্ষ থেকে ইজারা কোম্পানিকে বিষয়টি জানালে তারা বিলবোর্ড থেকে বিজ্ঞাপনটি নামিয়ে নেয়।
স্থানীয় বাসিন্দা আবুল হাসান সোহেল জানান, বিজ্ঞাপনটিতে মডেলকে খুব বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। ছবিতে তেমন বোঝা না গেলেও সামনে দাঁড়ালে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। বিশেষ করে সন্তানদের স্কুলে নিয়ে যাওয়ার পথে অভিভাবক হিসেবে বিষয়টি খুব দৃষ্টিকটু লাগে। এ নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেন। পরে ছাত্রশিবিরের পক্ষ থেকে পৌর প্রশাসকের কাছে বিজ্ঞাপনটি সরিয়ে নিতে লিখিত আবেদন করা হয়।
তিনি আরও বলেন, বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরাও আজ লিখিত আবেদন জমা দেওয়ার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু তার আগেই দেখি, বিলবোর্ড থেকে বিজ্ঞাপনটি নামিয়ে ফেলা হয়েছে।
লক্ষ্মীপুর পৌর প্রশাসক জসিম উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে ফেসবুকে অনেকেই সমালোচনা করছিলেন। একদল শিক্ষার্থী লিখিত আবেদনও জমা দিয়েছে। যদিও তার আগেই এটি আমরা আমলে নিয়েছি। পরে ইজারাদার কোম্পানিকে বিষয়টি জানালে তারা বিজ্ঞাপনটি সরিয়ে নেয়।























