বদলগাছীতে শিক্ষার্থীদের সঙ্গে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে মতবিনিময় করলেন নওগাঁ পুলিশ সুপার
- প্রকাশের সময় : ০৪:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 172
নওগাঁর বদলগাছী উপজেলায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে স্কুল-কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে বদলগাছী উপজেলার কোলা আদর্শ ডিগ্রি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় তিনি বলেন, মাদক মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি ব্যক্তির ভবিষ্যৎ ও সম্ভাবনা ধ্বংস করে এবং পরিবার, সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। মাদকাসক্তি অপরাধ প্রবণতা বাড়ায়, তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের মাদকমুক্ত রেখে সহপাঠীদের মধ্যেও সচেতনতা ছড়িয়ে দিতে হবে। কেউ মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে তাকে সতর্ক করা এবং প্রয়োজনে শিক্ষক বা অভিভাবকদের জানানো শিক্ষার্থীদের দায়িত্ব। পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থেকে সুস্থ জীবনযাপনের মাধ্যমে অন্যদের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সাইবার অপরাধ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকা এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি জরুরি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কোলা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তাফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাকসুদুর রহমান, বদলগাছী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমানসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
উল্লেখ্য, এর আগে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহাদেবপুরের সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়েও অনুরূপ সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে প্রশংসা কুড়িয়েছেন। স্থানীয়দের মতে, তার উদ্যোগে জেলার মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুফল বয়ে আনবে।

























