নওগাঁর নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অর্ধবার্ষিক কর্মশালা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৪:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 238
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অর্ধবার্ষিক অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর GO4IMPact কর্মসূচির উদ্যোগে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে নিয়ামতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় GO4IMPact প্রকল্পের আওতায় পরিচালিত শিক্ষামূলক পরিদর্শন থেকে অনুপ্রাণিত হয়ে ইউনিয়ন পরিষদসমূহ কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো. বাবুল আক্তার, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মো. তারেক আজিজ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় উদ্যোক্তারা।
কর্মশালায় বক্তারা টেকসই পানি ব্যবস্থাপনা ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে সকলের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

























