কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
- প্রকাশের সময় : ০১:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 198
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যবসায়ী সুমন শেখের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার পিঞ্জুরী গ্রামের ব্যবসায়ী সুমন শেখের বাড়ি লক্ষ্য করে দুবৃর্ত্তরা ৪ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে সুমন শেখের বেডরুমের জানালার গ্লাস ভেঙ্গে যায়।
এ ঘটনায় সুমন শেখের পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ব্যবসায়ী সুমন শেখ বলেন, সোমবার রাত ৯টায় আমি তারাবির নামাজ শেষে বাড়ির নিচতলায় বসে খাবার খাচ্ছিলাম। এ সময় দ্বিতীয় তলায় ৪টি বিকট শব্দ হয়। আমি দ্বিতীয় তলায় গিয়ে আমার বেডরুমে গ্লাস ভাঙ্গা ও ৪টি ছিদ্র দেখতে পাই। সাথে সাথে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে আমার বাড়ি পরিদর্শন করে গেছেন। এ ঘটনার পর আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছি।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি মো: রিয়াদ মাহমুদের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি।























