বাবা-মা ও দুই বোনের মৃত্যু, একমাত্র বেঁচে থাকা ফাইজা ফিরল দেশে
- প্রকাশের সময় : ১১:০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 180
সৌদি আরবে ওমরাহ হজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত লক্ষ্মীপুরের রামগঞ্জের শিশু শিক্ষার্থী ফাইজা আক্তার (১০) বাড়িতে ফিরেছে। তবে সে এখনো জানে না তার মা-বাবা ও দুই বোন আর বেঁচে নেই। সে মনে করছে, তারা সবাই একসঙ্গে বাড়ি ফিরবে এবং ঈদ উদযাপন করবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে ফাইজা জানায়, নতুন জামা পরে বাবার সঙ্গে ঈদের মেলায় যাবে। তার দুই বোনও সঙ্গে থাকবে—এমনটাই বিশ্বাস তার।
জানা গেছে, রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে ফাইজাকে নিয়ে তার মামা তানভীর হোসেন দেশে ফেরেন। সোমবার ভোরে তারা রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের বাড়িতে পৌঁছান। ফাইজা ওই গ্রামের প্রয়াত সৌদি প্রবাসী মিজানুর রহমানের মেজো মেয়ে। সে রামগঞ্জ ভাটরা ইউনিয়নের টিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
গত ১৫ ফেব্রুয়ারি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ফাইজা পাঁচদিন জেদ্দার কিংস ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে সে দেশে ফেরে।
তার মামা তানভীর হোসেন জানান, ফাইজা এখনো জানে না তার বাবা-মা ও দুই বোন মারা গেছে। সে মনে করছে, তার বাবা-মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। নিহতদের মরদেহ জেদ্দা হাসপাতালের মর্গে রয়েছে। সেগুলো দেশে আনার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ফাইজার বাবা মিজানুর রহমান মিজান (৪০) সৌদি প্রবাসী ছিলেন। গত ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৩টার দিকে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হন। ওই দুর্ঘটনায় আহত হয় ফাইজা।






















