কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ঝিনাইদহ-৪ আসনের এমপি
- প্রকাশের সময় : ০৩:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 226
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। রোববার (২২ ফেব্রুয়ারি) তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য রোগীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা ধৈর্যসহকারে শোনেন এবং প্রশ্নের উত্তর দেন।
সংসদ সদস্য বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলোর উন্নয়নেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালীগঞ্জ থানা শাখার সভাপতি ঈশা খান আল আমীন, শাহজাহান আলীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।























