কৃষকের পেঁয়াজ ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা, ব্যবস্থা নিতে নির্দেশ এমপির
- প্রকাশের সময় : ০৮:৪৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / 215
রাজবাড়ীর পাংশা উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামে বুধবার দিবাগত রাতে দুই কৃষকের পেঁয়াজ ক্ষেত কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ৩০ শতাংশ জমির ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. বাবুল মোল্লা ও মো. মমিন মোল্লা জানান, কয়েক মাস ধরে রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা পেঁয়াজ চাষ করে আসছিলেন। হঠাৎ এক রাতেই কে বা কারা ক্ষেতের পেঁয়াজ কেটে নষ্ট করে দেয়। এতে তাদের প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
জানা গেছে, কৃষকরা আকবর প্রামাণিকের কাছ থেকে ৬০ শতাংশ জমি লিজ নিয়ে পেঁয়াজ চাষ শুরু করেছিলেন। ফসল বিক্রি করে ঋণ পরিশোধ ও সংসারের ব্যয় মেটানোর পরিকল্পনা ছিল তাদের। কিন্তু এ ঘটনায় তারা চরম আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন।
শনিবার বিকেলে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনকে দুই দিনের মধ্যে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।
প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।




















