পাংশায় র্যাবের অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

- প্রকাশের সময় : ০৩:৪০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 130
রাজবাড়ীর পাংশা উপজেলায় পৃথক অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত এবং বুধবার (৭ জানুয়ারি) রাজবাড়ী জেলার পাংশা থানাধীন বিভিন্ন এলাকায় র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এসব মোটরসাইকেল উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ সোহেল রানা (২২) ও মোঃ সাদ্দাম মন্ডল (২৭)। সোহেল রানা রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ০১ নং ওয়ার্ডের বাস্তখোলা গ্রামের মোঃ রফিক মন্ডলের ছেলে এবং সাদ্দাম মন্ডল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চরঝিকরীপুর পশ্চিমপাড়া এলাকার ছেকেন মন্ডলের ছেলে।
র্যাব-১০ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কালুখালী উপজেলার বাস্তখোলা (বাস্তগোলা) এলাকা থেকে একটি চোরাই সুজুকি জিক্সার (মনোক্রোম ব্ল্যাক) মোটরসাইকেলসহ সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পরে একই রাতে রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে পাংশা থানাধীন আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি চোরাই টিভিএস এপাচি ফোর-ভি (ব্ল্যাক) মোটরসাইকেলসহ সাদ্দাম মন্ডলকে গ্রেফতার করা হয়।
এছাড়া অভিযান চলাকালে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে একই এলাকা থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন চোরাই টিভিএস এপাচি ফোর-ভি (রেড) মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব-১০ আরও জানায়, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে।
উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুইজনকে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


























