কালুখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৪:২৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 75
রাজবাড়ী কালুখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ নভেম্বর) কালুখালী উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্।
এর আগে সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্। এছাড়াও অন্যান্যের মধ্যে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে অতিথিরা মেলায় অংশ নেওয়া স্টলগুলো পরিদর্শন করেন।
দিনব্যাপী এ প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় ৩০টি স্টলে দেশি-বিদেশি গবাদিপশু, ছাগল হাঁস-মুরগি, কবুতর, ভেড়া’ ডিম,ঘোড়া,বিড়াল,ছাগল,মহিশ, পাখিসহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। পাশাপাশি গবাদিপশুর খাবার প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তি বিষয়ে খামারিদের ধারণা দেওয়া হয়।
























