হেনস্তার শিকার হয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন দেবচন্দ্রিমা সিংহ রায়

- প্রকাশের সময় : ১০:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 128
জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় বর্তমানে কঠিন সময় পার করছেন। অভিনয়ে সাফল্য পেলেও ব্যক্তিজীবনে নানা হেনস্তার শিকার হয়ে ভীষণ আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি।
জানা গেছে, কলকাতার নিজস্ব আবাসনেই সম্প্রতি এমন এক ঘটনার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী, যা তিনি কল্পনাও করেননি। এ নিয়ে রবিবার (৭ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন দেবচন্দ্রিমা।
তিনি লিখেছেন, “এই মুহূর্তে প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছি। কিছুদিন ধরেই আমার নাম নিয়ে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। কখনো আমার সম্পর্ক নিয়ে, কখনো আবার অন্যান্য বিষয় নিয়ে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি। কিন্তু কেন এ রকম ঘটছে, সেটা বুঝতে পারছি না।”
নিজের অভিজ্ঞতা শেয়ার করে আরও বলেন, “নিজের আবাসনে আজ চূড়ান্ত হেনস্তার শিকার। যা দুঃস্বপ্নেও ভাবিনি। আতঙ্কে কাঁপছি। নিজের শহরকে চিনতে পারছি না! এখানেই আমি জন্মেছি, বড় হয়েছি? আজ সেই জন্মভূমি কত অচেনা। প্রয়োজনে শহর ছেড়ে চলে যাব।”
অভিনেত্রীর নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের সহযোগিতায় ইতিমধ্যে দেহরক্ষী দেওয়া হয়েছে। তবে এ প্রসঙ্গে দেবচন্দ্রিমা জানান, “আমি দেহরক্ষী নিয়ে ঘোরার মতো মেয়ে নই।”
তার এই পোস্ট ছড়িয়ে পড়ার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি অসংখ্য নেটিজেনও তাকে সমর্থন জানাচ্ছেন। মন্তব্যে অনেকে তাকে ভরসা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।






















