চায়ের সঙ্গে কোন খাবার খেলে সমস্যা হতে পারে
- প্রকাশের সময় : ০৪:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / 122
চা আমাদের অনেকের দিন শুরু করার প্রিয় সঙ্গী। এক কাপ চা ছাড়া দিনটা যেন শুরুই হয় না। কিন্তু চায়ের সঙ্গে আমরা অনেক সময় এমন কিছু খাবার খেয়ে ফেলি, যা মুখের স্বাদ বাড়ালেও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে—বিশেষ করে গ্যাস্ট্রিক, অম্বল ও হজমের সমস্যা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, কিছু খাবার আছে যেগুলো চায়ের সঙ্গে একদমই মানায় না এবং বিপদ বাড়াতে পারে। চলুন এক নজরে দেখে নিই সেগুলো:
১. আয়রনসমৃদ্ধ খাবার
যেমন: পালংশাক, ডাল, বাদাম, শস্য ইত্যাদি।
চায়ে থাকা ট্যানিন ও অক্সালেট শরীরে আয়রনের শোষণ কমিয়ে দেয়। তাই চায়ের সঙ্গে এসব খাবার খেলে আয়রনের ঘাটতি হতে পারে, যা পরে রক্তস্বল্পতা বা দুর্বলতা ডেকে আনতে পারে।
২. লেবু
অনেকে ওজন কমানোর জন্য লেবু চা পান করেন। কিন্তু খালি পেটে লেবু চা খেলে হতে পারে অ্যাসিড রিফ্লাক্স, বুক জ্বালা ও পেট ফাঁপা। কারণ, লেবুর অম্লীয় উপাদান চায়ের সঙ্গে মিশে সমস্যা বাড়ায়।
৩. ভাজাপোড়া খাবার
সিঙ্গারা, পুরি, চপ—চায়ের সঙ্গে এগুলো অনেকের প্রিয়। কিন্তু ডুবো তেলে ভাজা এসব খাবার হজমের সমস্যা সৃষ্টি করে, পেট ভারি করে এবং দীর্ঘমেয়াদে শরীর দুর্বল করতে পারে।
৪. হলুদযুক্ত খাবার
চা আর হলুদ একসঙ্গে খেলে অনেকের গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। কারণ, এই দুটি উপাদান একে অপরের সঙ্গে মিল খায় না।
৫. ফ্রিজের খাবার
গরম চায়ের সঙ্গে ঠান্ডা খাবার একদমই খাওয়া উচিত নয়। এতে হজমের সমস্যা, বমি বমি ভাব বা বমিও হতে পারে। চা খাওয়ার পর অন্তত ৩০ মিনিট পর্যন্ত ঠান্ডা কিছু খাবেন না।





















