রাজবাড়ীতে শাহ আব্দুল করিম স্মরণে বাউল উৎসব
- প্রকাশের সময় : ১১:০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 22
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান, দর্শন ও সৃষ্টিকে স্মরণ করে রাজবাড়ীতে বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর সাংস্কৃতিক সংগঠন মুক্ত আনন্দ’র উদ্যোগে শনিবার রাতে রাজবাড়ী শহরের ্আজাদী ময়দানের মুক্তমঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি পারভীন হকের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত লোক গবেষক সুমন কুমার দাশ, নাট্য ব্যক্তিত্ব এম বাচ্চু রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক অজয় দাশ তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, শাহ আব্দুল করিম শুধু একজন বাউল শিল্পী ছিলেন না, তিনি ছিলেন বাংলার মাটি ও মানুষের জীবনবোধের অনন্য কথক। তাঁর গানে মানুষের প্রেম, বিরহ, সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবিকতার কথা উঠে এসেছে। সহজ-সরল ভাষায় তিনি সমাজের নানা অসংগতি ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন। তাঁর সৃষ্টি বাংলা লোকসংগীতকে সমৃদ্ধ করার পাশাপাশি প্রজন্মের পর প্রজন্মের মানুষের হৃদয়ে মানবিক চেতনার আলো জ্বালিয়ে যাচ্ছে। আধুনিকতার নানা পরিবর্তনের মধ্যেও শাহ আব্দুল করিমের গান ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে তাঁর সৃষ্টিকে তুলে ধরতে নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করা প্রয়োজন।
আলোচনা শেষে রাজবাড়ীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা শাহ আব্দুল করিম রচিত গান পরিবেশন করেন।























